দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কিনবেন না। আতঙ্ক নয়, সচেতন হতে হবে জানিয়েছে মন্ত্রণালয়।
আজ শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জ্বালানি বিভাগ আরও জানায়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হওয়ার পাশাপাশি অন্যকেও সাবধান করতে হবে। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন।
সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি জানিয়ে আরও বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে দেশের সব পেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে।
ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।
এছাড়া জ্বালানি তেল মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।