রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই নারীদের বিষয়ে একই ধরনের সংকীর্ণ মানসিকতা প্রকাশ করে আসছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে তাদের বক্তব্য ও তৎপরতা সেই ধারাবাহিকতারই প্রমাণ। তিনি বলেন, জামায়াত আমিরের দেওয়া ওই স্ট্যাটাসে নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারীদের তিনি অবমাননাকর ভাষায় উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে দেশে ও বিদেশে সমালোচনা শুরু হলে তিনি দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছিল।