জানা নিউজ

জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি, পদক তালিকায় নৌবাহিনীর আধিপত্য

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুলে যেন রেকর্ডের বন্যা বইছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় বিশাল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। সেই সঙ্গে প্রথম দুদিন মিলিয়ে সাঁতার ও ডাইভিংয়ের মোট ১৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাঁতারের ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিতেই নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। এছাড়া ডাইভিংয়েও হয়েছে একটি নতুন রেকর্ড।

এর আগে প্রথম দিনেও ৬টি ইভেন্টে রেকর্ড হয়েছিল।দ্বিতীয় দিনে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি এবং ফাতিহা মাহতাব মাইশা।

রাফি ৫০ মিটার বাটারফ্লাই (২৪.৯৮ সেকেন্ড) ও ১০০ মিটার ফ্রিস্টাইলে (৫১.৮০ সেকেন্ড) নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেন। অন্যদিকে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল (১ মিনিট ০৩.৪৪ সেকেন্ড) ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে (২ মিনিট ৩৮.৪০ সেকেন্ড) নতুন রেকর্ডসহ সোনা জেতেন ফাতিহা মাহতাব মাইশা। এছাড়া ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলেতেও রেকর্ড গড়ে সোনা জিতেছে নৌবাহিনী। 

পিছিয়ে নেই বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারুরাও। দলটির তারকা সাঁতারু মোছা. জুঁই আক্তার মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে (২০ মিনিট ০৮.৯০ সেকেন্ড) এবং ইরফানা খাতুন ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে (২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড) নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক নিজেদের ঝুলিতে পুরেছেন।

সাঁতারের পাশাপাশি ডাইভিংয়েও রেকর্ড হয়েছে। মহিলাদের ৩ মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে ১২৭.৪২ পয়েন্ট পেয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর অর্পা দাস।

দ্বিতীয় দিনের খেলা শেষে দলীয় পদক তালিকায় ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪১টি পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া বিকেএসপি ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ এবং নিকলী সুইমিং ক্লাব ১টি ব্রোঞ্জ পদক নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ২৮ অক্টোবর শুরু হওয়া চার দিনব্যাপী এই জলক্রীড়ার আসর চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।