প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিভিন্ন সময়ে অনেকেই বিদেশে পালিয়ে গেছে। খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশেই আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায় তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে বরাদ্দ রেখেছে সরকার। যে বাজেটে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে অনেকে সেই বাজেট পছন্দ হয় নাই। কিছু কিছু মানুষ বলেছে সেই বাজেট নাকি চানাচুরের মতো। যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে।
‘নির্বাচনের প্রচার সিলেটের মাটি থেকে শুরু হয়েছিল। হবিগঞ্জে ঘোষণা দিয়েছিলাম চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিব। আজ শ্রীমঙ্গলের মাটিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো’-উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, “মানুষ যতবারই ভোট দেয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বিএনপির সব শক্তিই জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, “মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে না পারলে সেটা সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ডের কথা বলেছি যা নির্বাচনের পরে এক মাস যাওয়ার আগেই বাস্তবায়ন শুরু করেছে সরকার। মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার।”
তিনি আরও বলেন, যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয় সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। সকলকে সচেতন হতে হবে। যারা এসব কাজে বাধা দেবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সরকারের পরিকল্পনা সফল করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না কেউ। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে মিলেমিশে কারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংসের দিকে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।