জানা নিউজ

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে যান। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিনি। মন্ত্রিসভার এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। এ সময় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে আলোচনা হয়। এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে মন্ত্রিসভার বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলাপরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এ ছাড়া আজ বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে গতকাল মঙ্গলবার থেকেই মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির এই আমেজের মধ্যেও দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।