চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে তানজু আক্তার (২৭) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজু আক্তার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী। স্থানীয়রা জানান, তানজু আক্তারের স্বামী মো. নুরুন্নবী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। রাতে তানজুকে প্রবাস থেকে নুরুন্নবী মুঠোফোনে না পেয়ে পাশের বাড়ির এক নারীকে ফোন করে জানান তার স্ত্রী ফোন ধরছে না। ওই নারীসহ প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এরপর তানজু বিষপান করেছে জানালে, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।