জানা নিউজ

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিকের ৭ দিনের রিমান্ড

ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ডের এ আদেশ দেন।

এদিন রবিউল ইসলামকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নূর আলম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর পৃথক ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, রবিউল ইসলাম বাংলাদেশে কোনো গভীর ষড়যন্ত্র বা বাংলাদেশবিরোধী কোনো বড় চক্রের অংশ হিসেবে কাজ করছিলেন কি না, তা যাচাই করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের নিবিড় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। মামলায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়েছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, রবিউল ইসলামের জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার গোঁড়িবোজ গ্রামে। ডিএমপির একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে টিএফআই সেলের মাধ্যমে তাকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পর্যালোচনায় পুলিশ দেখতে পায়, রবিউল ইসলামের কাছ থেকে উদ্ধার করা পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সে জন্মতারিখের অমিল রয়েছে। তিনি ভারতীয় নাগরিক হলেও তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে বলেও মামলার নথিতে বলা হয়েছে।