জানা নিউজ

খুচরা বাজারে চালের দাম বৃদ্ধির খবর, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুচরা বাজারে প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে—এমন খবর শোনার পর দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, “গতকাল মোটা চালের দাম বৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। নির্দেশনার পরপরই বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।”

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন, বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি। অতিরিক্ত প্রেসসচিবের বক্তব্য, “এ নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই কার্যকর করতে শুরু করেছে।”

প্রধানমন্ত্রী একই সঙ্গে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ রক্ষার জন্য নিয়মিত টহল জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।