জানা নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে রিহ্যাবের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বড় প্রমাণ পাওয়া গেছে তার শেষ বিদায়ের সময়। তার জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসা ও আবেগের প্রতিফলন।

রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে না গিয়ে বাংলাদেশে থাকার বিষয়ে খালেদা জিয়ার অবস্থান তার রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত। তার নেতৃত্বে নেওয়া বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ।

দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।  রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করেন রিহ্যাব নেতারা।