দিনাজপুরের খানসামায় পৃথক তিনটি অভিযানে অবৈধ ও অতিরিক্ত মজুত করা প্রায় এক হাজার ছয়শ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে প্রশাসন।
এ সময় দুই সার ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে অভিযান চালানো হয়।
এ সময় ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।একই দিনে পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়।
এ ঘটনায় বিএডিসি সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের রনি ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালায় প্রশাসন। সেখানে প্রায় ৯২০ বস্তা সার জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক মো. মোজাহারুল ইসলাম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি সার বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।