জানা নিউজ

খাগড়াছড়িতে জ্বালানি তেল বিক্রি নিয়ে সংঘর্ষে ৩ জন আহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিন জন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামে একটি জ্বালানি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল কেনেন। কিছুক্ষণ পর তার ভাই সুজন (৩৬) একই দোকানে পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের হেলপার মিজানুর রহমানের (৩৩) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সুজন ধাক্কা দিলে দোকান কর্মচারী তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এরপর দোকান কর্মচারী বাইরে গিয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রফিকুল ও সুজনের ওপর হামলা চালান। এ সময় এলোপাতাড়ি মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে রফিকুল ইসলামের মাথা ফেটে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। পানছড়ি থানা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।