জানা নিউজ

‘কিং’-এর নতুন গানে ১৫ বছর পর শাহরুখ-কারিনা

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ প্রকাশের মধ্য দিয়ে ফিরে এসেছে বলিউডের এই জনপ্রিয় জুটি। গানে দুই তারকার একসঙ্গে নাচের দৃশ্য ইতিমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও কারিনা। এরপর প্রায় ১৫ বছর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। এবার ‘কিং’ সিনেমার নতুন গানের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল।
নতুন গানটি প্রকাশ করা হয়েছে মেটার ‘হাউজ অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে। আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। গানটি এখন জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ জনপ্রিয় ব্যান্ড বনি এমের ‘ড্যাডি কুল’ গানের নতুন বলিউড সংস্করণ। গানটির নতুন সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। মূল গানটির রচয়িতা ছিলেন ফ্রাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি গানের কথা লিখেছেন কুমার। নাচের কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।
গানটিতে শাহরুখের চেনা পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তার নাচও দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশিত হয়েছিল, যেখানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে নতুন গান দিয়ে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে নির্মাতা ও অভিনয়শিল্পীরা।