প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে আসছেন। আগামীকাল বুধবার তিনি মৌলভীবাজার জেলা সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় তিনি নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ৯টায় সেখান থেকে আকাশপথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা দেবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে জেলার রাজনৈতিক অঙ্গনেও সফরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।