জানা নিউজ

কড়াইলে ৭ পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন জুবাইদা রহমান

রাজধানীর কড়াইলের বিটিসিএল কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাতটি ঘর পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহযোগিতায় পুনর্নির্মিত ঘরগুলোর চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডে নিহত ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও যেকোনো বিপদে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানের আয়োজন করে বনানী থানা ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আমরা আজ শোকাহত।

আমরা হারিয়েছি শাহরিয়ার রহমানকে। তার বয়স ছিল মাত্র ১৯ বছর।
সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। অনাকাঙ্ক্ষিতভাবে গত ১৫ নভেম্বর অগ্নিকাণ্ডে আমাদের অনেক ভাইবোন তাদের ঘর হারিয়েছেন।’তিনি বলেন, ‘শাহরিয়ার রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই বিষয়গুলো প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও আপনাদের যেকোনো বিপদে পাশে থাকব, ইনশাআল্লাহ।’

এ সময় নিহত শাহরিয়ার রহমানের স্মরণে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে সন্তান হারানো মা মুর্শিদ আক্তার মিতা আবেগাপ্লুত কণ্ঠে নিজের পরিবারের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি জানান, গত ১৫ নভেম্বর ভোরে অগ্নিকাণ্ডে তার ছেলে শাহরিয়ার মারা যান। সন্তান হারানোর শোকের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতিবেশীর মতো পাশে পেয়েছেন তারা।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একজন সাধারণ মানুষ হিসেবে বিপদে-আপদে মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত তারা দেখিয়েছেন, তা অব্যাহত থাকুক।

নিজের পরিবারের আর্থিক সংকটের কথাও তুলে ধরেন মুর্শিদ আক্তার। তিনি জানান, অগ্নিকাণ্ডে তাদের ঘরবাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেল ও প্রায় দুই লাখ টাকা পুড়ে যায়। ওই টাকা তার স্বামী বেসরকারি সংস্থা টিএমএসএসের ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সংগ্রহ করেছিলেন। অগ্নিকাণ্ডের পর ওই অর্থ জমা দিতে না পারায় তার স্বামী চাকরি হারিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

মুর্শিদ আক্তার বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত এবং তার হার্টে রিং পরানো রয়েছে। এ অবস্থায় এনজিও কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর তাকে রাত ২টা পর্যন্ত আটকে রাখা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান।

প্রধানমন্ত্রীর সহধর্মিণীর কাছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি টাকা-পয়সা, বাড়িঘর কিছুই চাই না। আমাদের একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। আমার স্বামী পানি উন্নয়ন বোর্ডে একটি চাকরির জন্য আবেদন করেছেন। আপনি যদি পারেন, এই সাহায্যটুকু করবেন।’

বক্তব্যের শেষ পর্যায়ে মুর্শিদ আক্তার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে তাদের দেশের মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনির পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এতে শাহরিয়ার রহমানের মৃত্যু হয় এবং একাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে সাতটি ঘর পুনর্নির্মাণ করা হয়।