জানা নিউজ

ওটিটিতেও দেখা যাবে রণবীরের ‘রামায়ণ’

বলিউড তারকা রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। নীতেশ তিওয়ারি পরিচালিত বড় বাজেটের সিনেমা ‘রামায়ণ’ আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে এ জন্য সাধারণ সাবস্ক্রিপশনের বাইরে আলাদা অর্থ দিতে হবে। সম্প্রতি জিয়োহটস্টার ও প্রাইম ফোকাস স্টুডিওসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, পে-পার-ভিউ পদ্ধতিতে সিনেমাটি দেখতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। অর্থাৎ, প্ল্যাটফর্মটির নিয়মিত মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন থাকলেই সিনেমাটি দেখা যাবে না। নির্মাতাদের মূল লক্ষ্য, সিনেমাটির বিশাল আয়োজন ও দৃষ্টিনন্দন দৃশ্য বড় পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা। সে কারণে প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি। এরপর ঘরে বসে দেখার সুযোগ পাবেন দর্শকরা। এ উদ্যোগ প্রসঙ্গে জিয়োস্টারের চেয়ারপারসন নীতা আম্বানি বলেন, ‘রামায়ণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। যুগ যুগ ধরে এই কাহিনি আমাদের নীতি ও মূল্যবোধের শিক্ষা দিয়ে আসছে। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রতিটি কোণে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।’ সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রাও বড় পর্দায় ছবিটি দেখার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ‘রামায়ণ’-এর অভিজ্ঞতা বড় পর্দাতেই সেরা। কিন্তু আমাদের প্রেক্ষাগৃহের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশের সকল দর্শকের পক্ষে হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। সে কারণেই ওটিটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গৃহকোণে বসেও কেউ এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত না হন।”