অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে ইরানে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, এসব হামলার মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। সংস্থাটি দাবি করে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিভিন্ন কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরক শহরে বিমান হামলার বহু ছবি প্রকাশিত হয়েছে। কারাজ শহর থেকেও একই ধরনের হামলার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিশেষ করে দক্ষিণ তেহরানে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করেছে।এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে।