জানা নিউজ

এলাকাবাসীর সঙ্গে যোগাযোগে সংসদ সদস্য টুকুর ব্যতিক্রমী উদ্যোগ

 টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু তার নির্বাচনী এলাকায় চালু করেছেন ব্যতিক্রমী উদ্যোগ ‘জনতার সংযোগ’।এই উদ্যোগের আওতায় সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌর এলাকার তিনটি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে বিশেষ ফোন বুথ। এসব বুথ কিংবা নির্ধারিত ফোন নম্বরে কল করে এলাকার বাসিন্দারা সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ এমপির কাছে পৌঁছে দিতে পারছেন। সংশ্লিষ্টদের ভাষ্য, বুথগুলোর মাধ্যমে আসা তথ্য কন্ট্রোল রুমে সংরক্ষণ ও শ্রেণিবিন্যাস করে দ্রুত এমপির কাছে পাঠানো হয়। জরুরি বিষয় হলে তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করা হয়, আর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উদ্যোগটির সমন্বয়ক এবং ছাত্রদলের সাবেক নেতা মির্জা ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম ফোন বুথ উদ্বোধনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো এমন কর্মসূচি চালু হয়েছে।তার দাবি, অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছেন।তিনি জানান, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলার মানুষ এসব বুথ বা নির্ধারিত নম্বরে ফোন করে তাদের সমস্যা জানাতে পারেন। ফয়সালের ভাষ্য, ফোন বুথে থাকা লাল বোতাম চাপলে বা নির্ধারিত নম্বরে কল করলে এমপির নিযুক্ত প্রতিনিধিরা ফোন রিসিভ করেন। তারা অভিযোগ বা তথ্য লিপিবদ্ধ করে এমপির কাছে পাঠান। জরুরি বিষয় হলে তা সঙ্গে সঙ্গেই জানানো হয়। তিনি আরও বলেন, এমপির পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে টাঙ্গাইল পৌর এলাকার বাকি ১৫টি ওয়ার্ডেও একই ধরনের ফোন বুথ স্থাপন করা হবে।