জানা নিউজ

এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। 

সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা গত ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। উল্লিখিত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি। এমবিবিএস কোর্সের ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সের ১ হাজার ৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১.৭৯%) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা দুইজন। ভর্তি পরীক্ষায় মোট পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা  ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহের ৫ হাজার ৬৪৫টি আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩,৬০৩  জন (৬৩.৮০%) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন  (৩৬.২০%)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১.২৫।

বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।