জানা নিউজ

উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

 রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষোভকারী পোশাকশ্রমিকরা। এতে প্রায় দুই ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কের এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

এতে মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আব্দুল্লাহপুর, উত্তরা ও আশপাশের সংযুক্ত সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে।
ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরা পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও সংশ্লিষ্ট কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই বিজিএমইএ ও সংশ্লিষ্ট কারখানার মালিকদের বিষয়টি জানানো হয়। তবে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কেউ ঘটনাস্থলে আসেননি। পরে পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বেলা ১টার দিকে সড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে অবরোধের কারণে সৃষ্ট যানজটের কিছুটা চাপ রয়েছে, যা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে।