ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘রাক্ষস’ নিয়ে দর্শকের কৌতূহল বাড়ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এক দিনের ব্যবধানে প্রকাশ পেল ছবিটির পোস্টার, টিজার ও ট্রেলার। এতে দেখা গেছে অভিনেতা সিয়াম আহমেদের এক অন্ধকার ও প্রতিশোধপরায়ণ রূপ, যা ইতিমধ্যে দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টার। সেখানে দেখা যায়, সামনে ছড়িয়ে আছে রক্তাক্ত কয়েকটি লাশ, আর কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পোস্টারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আসে আরেকটি পোস্টার। এতে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুষ্মিতা চ্যাটার্জিকে। পোস্টারে রক্তমাখা চাপাতি হাতে সিয়ামকে নায়িকার গলায় অস্ত্র ঠেকিয়ে থাকতে দেখা যায়। এরপর সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ছবিটির টিজার ও ট্রেলার। দুই মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে সহিংসতা, অ্যাকশন এবং প্রতিশোধের গল্প। ভিডিওতে সিয়ামের কণ্ঠে শোনা যায় আবেগঘন সংলাপ। তিনি বলেন, “পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবেসে আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম।” ট্রেলার দেখে অনেকের মনে হয়েছে, পরিচালক মেহেদী হাসানের আগের সিনেমা ‘বরবাদ’-এর মতো এটিও হতে যাচ্ছে একটি সহিংস অ্যাকশনধর্মী ছবি। মজার বিষয় হলো, ট্রেলারে ‘বরবাদ’ সিনেমার আলোচিত চরিত্র জিল্লুর উপস্থিতিও লক্ষ্য করেছেন অনেক দর্শক। সিনেমাটি নিয়ে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা।” তিনি জানান, আগের সিনেমার তুলনায় এই ছবিতে আরও বেশি অ্যাকশন ও সহিংস দৃশ্য রয়েছে। নির্মাতা মেহেদী হাসান বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা সহিংস হয়ে উঠতে পারে, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। অন্যদিকে সিয়াম আহমেদ জানান, চরিত্রটির জন্য তাকে দীর্ঘ নয় মাস কঠোর প্রস্তুতি নিতে হয়েছে। তিনি বলেন, “আমি সব সময় চেষ্টা করি দর্শকদের বিরক্ত না করতে। প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ করি। গল্পটা শোনার পর মনে হয়েছে এটি জীবনের থেকেও বড় একটি চরিত্র।” সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। ছবির একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে। নির্মাতাদের দাবি, ছবিতে আরও কিছু চমক রয়েছে। মুক্তির আগে খুব শিগগিরই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।