জানা নিউজ

ঈদের আগে নতুন গান ‘ভুল’ নিয়ে ফিরছেন আসিফ আকবর

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘ভুল’। বিশেষ বিষয় হলো, তার অডিও ক্যারিয়ারের শুরু যেখানে-সেই সাউন্ডটেক থেকেই গানটি প্রকাশ পাচ্ছে। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। দীর্ঘ সময় পর রেকর্ডিং স্টুডিওতে ফিরে নতুন গান করার অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই শিল্পী। ঈদে গানটি প্রকাশ পাবে মিউজিক ভিডিওসহ। ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা। নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে অনেক দিন পর নতুন গানে ফিরলাম। গানটির কথা, সুর ও সংগীতায়োজন মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভালো লাগবে।” গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, “দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটি করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আশা করছি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।” জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’, যা শ্রোতাদের জন্য হতে যাচ্ছে ঈদের বিশেষ সংগীত উপহার।