জানা নিউজ

ইসলামী ব্যাংকের চেয়াম্যানের পদত্যাগ দাবি, বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, সকালের দিকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা সম্প্রতি নিয়োগ পাওয়া নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ এগিয়ে যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর আবারও ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে।

তারা দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি। তার নিয়োগের মাধ্যমে ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চারজন ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভের মুখে মো. খুরশীদ আলম এবং অপর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন।