তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাল্টা আঘাতের পরিধি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। আবদোল্লাহির ভাষায়, ‘শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে আবার কোনো পদক্ষেপ নিলে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।’
ভিডিওতে যেসব ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে
ইরানের প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করে কয়েকজন পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষক জানিয়েছেন, স্থাপনাটিতে মাঝারি পাল্লার ফাত্তাহ-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। এসব ক্ষেপণাস্ত্রের সঙ্গে বুস্টার ও ওয়ারহেডও রয়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের পুনঃপ্রবেশযোগ্য অংশ বা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের উপস্থিতিও শনাক্ত করেছেন তারা।
সামরিক বিশ্লেষক তাল ইনবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছেন, ভিডিওতে এমন একটি অংশ দেখা গেছে, যা ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। স্থাপনাটিতে আধুনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পুরোনো মডেলের ক্ষেপণাস্ত্রও দেখা গেছে।
এর আগে গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ২০ দিনের যুদ্ধের পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর অবশিষ্ট নেই।
তবে দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণব্যবস্থা সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে ইরান। এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। যুদ্ধের সময় শত্রুপক্ষের হামলা থেকে ক্ষেপণাস্ত্রের মজুত রক্ষা এবং হামলার মধ্যেও সামরিক কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা বজায় রাখাই এসব স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য।
তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট, রুদাও ও তাসনিম নিউজ এজেন্সি।