জানা নিউজ

ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি  করেছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার বরাতে সংবাদ মাধ্যম সিএনএন এমন তথ্য জানিয়েছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে- আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি ১ এবং বি ২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসগারে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিন-সহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।”

“এই তিন সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করে আসছিল ইরান। এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু কেরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে মোতায়েন করা হয়েছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা এবং ২ শতাধিক যুদ্ধবিমান।

মঙ্গলবারের এক্সবার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত চার দিনে ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।