জানা নিউজ

ইরানের সানান্দাজে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ২

ইরানের মধ্যাঞ্চলীয় শহর সানান্দাজে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফারস। তারা জানায়, শহরটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে এবং শহরের পুলিশ স্টেশনের পাশের বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাসহ শহরের বিভিন্ন অংশে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অনলাইনে পোস্ট করা ও আল জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে একটি হামলার দৃশ্য দেখা গেছে, যেখানে আকাশে আগুন ও বিশাল ধোঁয়ার মেঘ দেখা যায়।

এদিকে, উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালানোর পর লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে।এক বিবৃতিতে গোষ্ঠীটি বলে, প্রতিরোধ নেতৃত্ব সব সময়ই স্পষ্ট করেছে যে, ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকা এবং আমাদের নেতা, তরুণ ও সাধারণ মানুষকে হত্যা করা আমাদের আত্মরক্ষার অধিকার দেয় এবং উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার বৈধতা দেয়।