জানা নিউজ

ইরানের নিরাপত্তা প্রধানসহ দুই শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েল দাবি করেছে, সাম্প্রতিক হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

বিবিসি জানিয়েছে, কাটজ বলেন, রাতভর হামলার পর তিনি “মাত্রই” লারিজানির নিহত হওয়ার খবর পেয়েছেন। একইসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ, দাবি করেছে বাসিজ ইউনিটের প্রধান সোলাইমানিও পৃথক হামলায় নিহত হয়েছেন। যদিও লারিজানি নিহত হয়েছেন নাকি আহত, সে বিষয়ে স্পষ্টতা নেই বলেও কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে ইসরায়েলি বাহিনী তেহরান, শিরাজ ও তাবরিজে একযোগে হামলা চালায়। এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় আইডিএফ। তেহরানে বিশেষভাবে লারিজানিকে লক্ষ্য করে হামলার কথাও উল্লেখ করা হয়। আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির বলেন, এসব অভিযানে “উল্লেখযোগ্য ফল” পাওয়া গেছে।

গোলামরেজা সোলাইমানিকে নিয়েও একই ধরনের দাবি করেছে ইসরায়েল। টেলিগ্রামে আইডিএফ জানায়, ছয় বছর ধরে রেভল্যুশনারি গার্ডস সংশ্লিষ্ট বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন তিনি। সোমবার রাতের হামলায় তাকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান চালায়। ইসরায়েলের দাবি, তার মৃত্যু ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধাক্কা হতে পারে।

এদিকে বিবিসি ও এএফপি জানায়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের ও তাসনিম ইঙ্গিত দিয়েছে, আলি লারিজানিকে নিয়ে শিগগিরই একটি বিবৃতি দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই দাবিগুলো নিশ্চিত করা হয়নি।

আল জাজিরা ও এপি জানিয়েছে, ইরানে চলমান উত্তেজনার মধ্যে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, বাসিজ বাহিনী দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে এর নেতৃত্বে আঘাত ইরানের ভেতরের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।