ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। ফুটবল প্রশাসনে আস্থা ফিরিয়ে আনা ও বিভেদ দূর করার লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন ৬৩ বছর বয়সী এই সংগঠক। উয়েফার নির্বাহী কমিটির অনুরোধে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন দিয়ালো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া, বিশ্বকাপের টেলিভিশন স্বত্বের আয় বণ্টন, ফোলারিন বালোগুনের লাল কার্ডের পর নিষেধাজ্ঞা না দেওয়া, ফাইনালের বিরতির সময় এবং ফিফার সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দিয়ালোর অভিযোগ, এসব সিদ্ধান্ত ফুটবলবিশ্বে ফিফার প্রতি আস্থা নষ্ট করেছে। তিনি বলেন, ‘গত কয়েক মাসে ফিফার ভেতরে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রে টেলিভিশন স্বত্বের আয় বণ্টন, বালোগুনের লাল কার্ড, ফাইনালের বিরতির সময় এবং বেসরকারি বিনিয়োগকারীদের কাছে সম্পদ বিক্রির পরিকল্পনা- সবকিছুই ফুটবলবিশ্বকে বড়ভাবে ধাক্কা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এই গ্রীষ্মে ফিফা ও এর সভাপতির ওপর থাকা আস্থা ভেঙে পড়েছে। তারা ফুটবলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে এবং বিভেদের বিষ ঢুকিয়ে দিয়েছে।’ ফিফার আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন দিয়ালো। তার দাবি, ২০২৬ বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অথচ সংস্থাটির নগদ রিজার্ভ ৫ থেকে ৬ বিলিয়ন ডলার। এমন অবস্থায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে আরও অর্থ সংগ্রহের পরিকল্পনা অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। দিয়ালো বলেন, ‘ফিফার নগদ রিজার্ভ ৫ থেকে ৬ মিলিয়ন ডলার। যখন এই বিলিয়ন ডলার আগে থেকেই ফিফার কাছে রয়েছে, তখন আরও কয়েক বিলিয়ন ডলার আনতে বেসরকারি বিনিয়োগকারী খোঁজার প্রয়োজন কেন, তা আমাদের বোঝা কঠিন।’ বিশ্বকাপের পর ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ২১১ সদস্যের মধ্যে প্রায় ২০০টি ফেডারেশন তার প্রতি সমর্থন জানালেও সেপ্টেম্বরে ফ্রান্স সেই অবস্থান থেকে সরে আসে। ইনফান্তিনোর প্রতি আস্থা হারানো এবং ফিফার সম্পদ বিক্রির পরিকল্পনা নিয়ে অসন্তোষের কারণেই সমর্থন প্রত্যাহার করে দেশটি। এর আগে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আসা পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার নির্বাচনে না দাঁড়ানোর কথা জানান। ফলে দিয়ালোর প্রার্থিতা নতুন সমীকরণ তৈরি করেছে। দিয়ালোর প্রতি সমর্থন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আফ্রিকা ও এশিয়ার কয়েকটি ফেডারেশন থেকেও সমর্থনের আশ্বাস পেয়েছেন তিনি। নির্বাচনে জিততে প্রয়োজন ১০৬ ভোট। আগামী মার্চে মরক্কোর রাবাতে ২১১ সদস্য ফেডারেশনের ভোটে নির্বাচিত হবেন ফিফার নতুন সভাপতি। তিনি বলেন, ‘ইনফান্তিনোকে হারাতে আমার ১০৬ ভোট প্রয়োজন, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। সংহতি ও উৎকর্ষের একটি সুস্পষ্ট কর্মসূচি থাকবে আমার। যারা ফুটবলকে ভালোবাসেন, তাদের কাছে আমি নিশ্চয়তা দিতে চাঁই- এই মূল্যবোধগুলো রক্ষা করা হবে।’ ফিফার নেতৃত্বে পরিবর্তনের দাবি নিয়ে দিয়ালো এখন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী হওয়ার পথে। নির্বাচনে তার প্রার্থিতা নতুন মাত্রা যোগ করেছে।