যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে ব্যর্থ হলে ইরানে আরও কঠোর ও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্রের রণতরীগুলোকে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদে সজ্জিত করা হচ্ছে। তিনি এ সামরিক প্রস্তুতিকে ‘রিসেট’ বা নতুন কৌশলগত বিন্যাস হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের ‘কোনো শক্ত অবস্থান নেই’ এবং তারা আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে সুবিধা আদায়ের চেষ্টা করছে। একই সঙ্গে আলোচনার সুযোগ রাখতে ইরানের কিছু নেতাকে ‘এখনো বাঁচিয়ে রাখা হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের ওপর অনাস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে একাধিকবার আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
গালিবাফ বলেন, ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই। তবে ওয়াশিংটন যদি ইরানের অধিকার স্বীকার করে সত্যিকারের চুক্তিতে আগ্রহ দেখায়, তাহলে তেহরানও সমঝোতায় যেতে প্রস্তুত।