সে কারণে এখনো এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলনে যোগ দেননি তিনি। তবে কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ফেরার জন্য।
এই সপ্তাহে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার সুযোগ পেয়েছেন মেসি। শুক্রবার ভোরে ফোর্ট লডারডেল থেকে রাতভর উড়ে ইসলা মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
মেসির সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো এবং মা সেলিয়া। পরিবারের সদস্যরাও মেসির জাতীয় দলের সম্ভাব্য শেষ ম্যাচের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুয়েনস এইরেসে থাকবেন।
বিশ্রামে থাকা মেসি বর্তমানে দুর্দান্ত ছন্দেও আছেন। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি, যার শেষ দুটি এসেছে ফ্রি-কিক থেকে। সেই ছন্দ নিয়েই এবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তেই স্কালোনির দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মেসি। তবে শনিবার বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
সর্বশেষ সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, ‘লিও এই সপ্তাহান্তে (বুয়েনস এইরেসে) আসছে, ৩ তারিখের ম্যাচের পর। তবে সে যদি ৩ তারিখে এসে খেলতে চায়, কোনো সমস্যা নেই। মূল পরিকল্পনা হলো সে ওই ম্যাচের পর আসবে।’
তবে সবার দৃষ্টি এখন ৬ অক্টোবরের বেনিন ম্যাচের দিকে। সেই ম্যাচে মেসির শুরু থেকেই মাঠে থাকার কথা। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এবং বরাবরের মতো পরবেন ১০ নম্বর জার্সি।
তবে বিদায়ী ম্যাচে মেসির গায়ে থাকবে বিশেষভাবে তৈরি একটি জার্সি। ঐতিহাসিক ম্যাচটির জন্য তৈরি এই বিশেষ সংস্করণের জার্সিটি পরে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ শেষে সেটিও মেসির ব্যক্তিগত সংগ্রহে জায়গা করে নেবে; তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য শিরোপা ও স্মারকের পাশে।
দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার হয়ে খেলার পর বিদায়ের মুহূর্ত যত ঘনিয়ে আসছে, মনুমেন্টাল স্টেডিয়ামের সেই রাত ঘিরে ততই বাড়ছে অপেক্ষা। এবার শুধু মেসির মাঠে নামার অপেক্ষা।