জানা নিউজ

আবু সাঈদ হত্যা: কারাগারে বেরোবির সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ থেকে তার (হাসিবুর রশীদ) সাজা খাটা শুরু হলো। এখন রায়ের সার্টিফাইড কপি পেলে তিনি আপিল করতে পারবেন। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এরআগে দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাঈদ হত্যা মামলার রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গত শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেফতার করে পুলিশ।