জানা নিউজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন জাহ্নবী

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন জাহ্নবী কাপুর। ছবির ‘চুট্টামাল্লে’ গানটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই গানের দৃশ্য ব্যবহার করে এআই প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা প্রতিবাদ জানিয়েছেন। এবার ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাহ্নবী। তিনি বলেন, নারীর সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার করে বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেক রূপ। জাহ্নবীর ভাষায়, প্রযুক্তির অপরাধমূলক ব্যবহারে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, চলচ্চিত্রজগতের প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে জাহ্নবী বলেন, একজন নারী কোনো বিষয়ে সম্মতি দেওয়ার পরও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তাঁর ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে। পোশাকের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ছোট পোশাক পরা মানেই কারও শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকর ছবি তোলার অনুমতি নয়। কী পরবেন বা নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অধিকার। এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর সমস্যার অংশ হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও তাঁদের নিরাপত্তা বড় উদ্বেগের বিষয়। শুধু নারীদের নিরাপদ থাকার পরামর্শ না দিয়ে, নারীর সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করা মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করায় জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়া তারকাদের ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। বার্তার শেষে তিনি বলেন, একজন নারী মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তাঁর শরীর যেমন তাঁর নিজের, তেমনি তাঁর ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তাঁর নিজের।