তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে ৮২৫ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস। দুপুর ১২টার দিকে ট্রেনটি মুকসুদপুর-ভাঙ্গা জংশন এলাকায় পৌঁছালে সেখানে চলমান আন্দোলনের কারণে আটকে পড়ে।
ট্রেনটির বেনাপোল থেকে দুপুর ৩টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে আসার পথে আটকে পড়ায় নির্ধারিত সময়ে ফিরতি যাত্রা শুরু করতে পারেনি। ফলে ওই ট্রিপ বাতিল করা হয়েছে।
স্টেশন মাস্টার আরও জানান, জাহানাবাদ এক্সপ্রেসের ফিরতি ট্রিপ বাতিল হলেও খুলনা থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খুলনা থেকে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে, গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। বাস চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ বৈঠক হয়। গোপালগঞ্জ হয়ে বাস চলাচলের ক্ষেত্রে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বৈঠকে জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, কেডিএ চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), ট্রাফিক বিভাগের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাস চলাচল চালু রাখার পরামর্শ দেওয়া হয়। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জের পথ এড়িয়ে খুলনা-যশোর-মাগুরা-আরিচা রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।