দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মারা যাওয়া ছয়জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৯০৮ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১ জনের শরীরে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। ফলে নতুন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০১ জনে। ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন