বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের কাছে স্পাইডার-ম্যান মানেই এখন টম হল্যান্ড। ২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ প্রথমবার পিটার পার্কার চরিত্রে হাজির হওয়ার পর থেকে এক দশক ধরে মার্ভেলের জনপ্রিয় এই সুপারহিরোর ভূমিকায় অভিনয় করে আসছেন তিনি। এবার জানালেন, সুযোগ পেলে আরও দীর্ঘ সময় স্পাইডার-ম্যান হয়েই থাকতে চান। লস অ্যাঞ্জেলেসে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর প্রিমিয়ারে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে টম বলেন, ‘মার্ভেল ও সনিতে আমরা যেন একটি পরিবারের মতো। গত ১০ বছর ধরে একসঙ্গে কাজ করছি। সবার মধ্যে দারুণ বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া আর পিটার পার্কার চরিত্রটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে। আমরা যখন একসঙ্গে কাজ করি, তখন সবসময়ই মনে হয় জাদুকরী কিছু ঘটছে।’ তিনি আরও বলেন, ‘বারবার এই চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আজও মনে হয় যেন এই চরিত্রে এটাই আমার প্রথম প্রিমিয়ার।’ স্পাইডার-ম্যান হিসেবে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে টম বলেন, ‘যত দিন তারা আমাকে চাইবে, তত দিন আমি এই চরিত্রে অভিনয় করব। এই সিনেমা যদি ভালো করে, তাহলে দেখা যাক সামনে কী হয়।’ মজার বিষয় হলো, ২০২১ সালে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টম বলেছিলেন, ‘৩০ বছরের পরও যদি আমি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করি, তাহলে বুঝতে হবে কোথাও ভুল করেছি।’ কিন্তু চলতি বছরের ১ জুন ৩০ বছরে পা রাখা এই অভিনেতার ভাবনায় এখন এসেছে পরিবর্তন। সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই পুরোনো মন্তব্য প্রসঙ্গে টম বলেন, ‘সম্প্রতি উদ্ধৃতিটি আবার দেখেছি। তখন আমি আসলে বলতে চেয়েছিলাম, একসময় এই দায়িত্ব নতুন কারও হাতে তুলে দিতে চাই। তবে এখনও সেটি করতে পারিনি। স্টুডিওতেও বিষয়টি নিয়ে প্রায়ই আলোচনা হয়। তাই হয়তো এখন কথাটা বদলে ৩৭ বছর বলতে হবে।’ উল্লেখ্য, টম হল্যান্ডই প্রথম লাইভ-অ্যাকশন অভিনেতা, যিনি চারটি একক স্পাইডার-ম্যান সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এর আগে তিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ অভিনয় করেন। সিরিজের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।