জানা নিউজ

সুদানে নিয়ালা শহরের ড্রোন হামলায় নিহত ২১ ও আহত ৪০

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের নিয়ালা শহরের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত মঙ্গলবার চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এএফপিকে এ তথ্য জানিয়েছে। নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত নিয়ন্ত্রণাধীন রাজধানী হিসেবে পরিচিত। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শহরের এক বাসিন্দা জানান, গত সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে উত্তর নিয়ালার একটি বাজারে ড্রোন হামলা চালানো হয়। আরেক বাসিন্দা জানান, বাজারটিতে সাধারণত তরুণদের আনাগোনা বেশি ছিল। তাদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন। নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী বলেন, ‘গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন।’ তবে হতাহতদের মধ্যে কতজন আরএসএফের সদস্য, তা তিনি নিশ্চিত করতে পারেননি। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন রাজধানী খার্তুমের বিপরীতে নিয়ালায় আরএসএফ একটি প্রতিদ্বন্দ্বী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সুদানের সেনাবাহিনী নিয়মিত নিয়ালা শহরে হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, শুধু অক্টোবরের প্রথম তিন সপ্তাহেই ড্রোন হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। যুদ্ধের কারণে সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ব্যাপক খাদ্যসংকটের পাশাপাশি লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর ফলে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকটগুলোর সৃষ্টি হয়েছে।