জানা নিউজ

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই গ্রেফতার সোহেল হত্যার আসামী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সোহেল মুন্সী হত্যার পাঁচ দিনের মধ্যে ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরের একটি সিসিটিভি ক্যামেরায় খুনির দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।  গত মঙ্গলবার দ্বীন ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ জুন রাতে লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে কুপিয়ে হত্যা করা হয় সোহেল মুন্সীকে। গতকাল নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, নিহতের স্ত্রীর সাবেক স্বামী দ্বীন ইসলাম ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটান। একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লৌহজং থানা-পুলিশের যৌথ দল।

পুলিশ জানায়, নূপুরের প্রথম স্বামী ছিলেন দ্বীন ইসলাম। এর মধ্যেই দেড় বছর আগে সোহেলকে বিয়ে করেন নূপুর। এতে ক্ষুব্ধ হন আগের স্বামী। ঘটনার রাতে দ্বীন ইসলাম প্রথমে সোহেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। সোহেল ঘর থেকে বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে ওঁৎ পেতে থাকা দ্বীন ইসলাম চাপাতি দিয়ে তাঁর ওপর হামলা চালান। চিৎকার শুনে নিহতের মা ও স্ত্রী বেরিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি সিসিটিভি ক্যামেরায় তাঁর পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। গ্রেপ্তারের পর সেই ফুটেজে থাকা ব্যক্তিই দ্বীন ইসলাম বলে নিশ্চিত হয় তদন্তকারী দল। গতকাল ভোরে টংগিবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।