চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ঢাকাইয়া চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এই আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামির উপস্থিতে আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন।সোমবার (২৪ আগস্ট) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
গত রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।ওইদিনই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।