বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। মায়ানগরী মুম্বাইয়ের অন্যতম প্রভাবশালী ও দাপুটে তারকা তিনি। বি-টাউনে গুঞ্জন রয়েছে, তার এক ইশারায় যেমন রাতারাতি অনেকের ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে, ঠিক তেমনি অনেকের ক্যারিয়ার ধ্বংসের পেছনেও রয়েছে তার হাত। যদিও এই তারকার দানশীলতা ও দয়ালু স্বভাবের উদাহরণও কম নয়। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে সালমানের প্রভাব যে একচ্ছত্র, তা একবাক্যে স্বীকার করেন সবাই। আর এবার সেই প্রভাবশালী ‘ভাইজান’কেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় সিনেমার প্রযোজক অমিত জানি। তার কথায়, ‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পুরো ঝামেলার সূত্রপাত মূলত ‘কালা হিরণ’ (কৃষ্ণসার হরিণ) নামের একটি সিনেমাকে কেন্দ্র করে। দুই দশক আগে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়েছিলেন সালমান খান। সেই বহুল আলোচিত ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আইনি গ্যাঁড়াকলে পড়েন প্রযোজক অমিত জানি। নিজের অতীত বিতর্ক নিয়ে নির্মিত এই ছবির মুক্তি আটকাতে সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সালমান। কিন্তু আদালত থেকে কোনো স্বস্তির খবর পাননি এই বলিউড সুপারস্টার। যদিও সিনেমার নির্মাতারা কোথাও সরাসরি সালমানের নাম উল্লেখ করেননি, তবুও সালমানের দাবি- ছবিটির পোস্টার ও ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যায় গল্পটি তাকে ঘিরেই সাজানো হয়েছে। এমন আইনি লড়াইয়ের মাঝেই এবার সালমানের উদ্দেশ্যে রীতিমতো বোমা ফাটালেন প্রযোজক অমিত জানি। এক বিবৃতিতে প্রযোজক দাবি করেন, ‘আজও সালমান খান দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না। ছবিটির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি এবং মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে, আদালতের কাছে তারকা বা গ্ল্যামারের কোনো গুরুত্ব নেই। নিজেকে বলিউডের বাবা বা জনক বললেই ‘কালা হিরণ’-এর মুক্তি আটকে যাবে না। আমি এই সিনেমাটিকে ৮ হাজার স্ক্রিনে রিলিজ করব এবং একই সঙ্গে সারা বিশ্বেও মুক্তি পাবে আমার সিনেমা।’ এই বিতর্ক ও আইনি জলঘোলা নিয়ে সালমান খান নিজে এখনো সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে আইনি জটিলতার কারণে ‘কালা হিরণ’ সিনেমাটি এখন বিনোদন দুনিয়ার টক অব দ্য টাউন।