জানা নিউজ

সাবেক স্ত্রীর জন্মদিনে হৃতিকের হৃদয়ছোঁয়া বার্তা

বলিউড অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের জন্মদিন ছিল গত সোমবার। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুদিন পর ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়েছেন হৃতিক। সাবেক স্ত্রীর প্রশংসা করার পাশাপাশি সব সময় তাঁর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন অভিনেতা। সুজানের বেশ কয়েকটি ছবি পোস্ট করে হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এ শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা- সুজান।’ সাবেক স্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সবসময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’ সুজানের প্রশংসা করে হৃতিক আরও লেখেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’ সুজানের জীবনসংগ্রাম ও ব্যক্তিত্ব নিয়ে গর্ব প্রকাশ করে অভিনেতা বলেন, তুমি যেভাবে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছ, তা নিয়ে আমি গর্বিত। সত্যিই, তোমার মধ্যে মায়ের চেতনা বেঁচে আছে।’ সুজানের ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্য কামনা করে হৃতিক লেখেন, ‘তোমার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি। তোমার স্বপ্নের মতো পৃথিবীর প্রতিটি শহরে ছড়িয়ে পড়ুক দ্য চারকোল প্রজেক্ট।’ সাবেক স্ত্রীর জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার প্রত্যাশা- এ বছর তোমার জীবনে যেন সেই ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরী মুহূর্তগুলো ফিরে আসে, যা তুমি নিঃসংকোচে ও সুন্দরভাবে তোমার চারপাশের মানুষকে দিয়ে থাকো।’ হৃতিকের এই বার্তায় আপ্লুত সুজান মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, রাই! আমাদের রে ও রিদজের জন্য চমৎকার অভিভাবকত্বের জয় হোক। আমাদের সবার সামনে আরও সুখের সময় ও উজ্জ্বল হাসি অপেক্ষা করুক- তোমার, সাবার (হৃতিকের বর্তমান প্রেমিকা), আমার ও আরসলানের (সুজানের বর্তমান প্রেমিক)।’ হৃতিক ও সুজান ১৪ বছর সংসার করার পর ২০১৪ সালে আলাদা হয়ে যান। তবে বিচ্ছেদের পরও সন্তানদের একসঙ্গে বড় করছেন তাঁরা এবং সম্পর্কেও রয়েছে সৌহার্দ্য। হৃতিক ২০২১ সাল থেকে অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, সুজানের সঙ্গে অভিনেতা আরসলান গনির সম্পর্কের শুরু ২০২২ সালে।