দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে এসপি ও সমমর্যাদার আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের ১৪ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাঁখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে। একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ পেয়েছেন নড়াইলের পুলিশ সুপারের দায়িত্ব।
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে। গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীতে এবং ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলি আরও সাত পুলিশ কর্মকর্তা
নতুন সাত পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি বিভিন্ন ইউনিটে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসর মোহাম্মদ জাকির হোসেন এবং লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার, সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি সেখানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।
এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।