জানা নিউজ

শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত

শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও পাচার রোধে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সমাজসেবা অফিসার নাঈম হাসান, শেরপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আসওয়াদ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সচেতনতামূলক এই সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। প্রশাসন সব সময় সজাগ আছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়।