জানা নিউজ

শীর্ষস্থান ধরে রাখলেন শাহরুখ খান

এক বছরে আনুমানিক ২ হাজার ৪৯০ কোটি রুপি সম্পদ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছরের তালিকায় এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। শাহরুখের সম্পদের বড় অংশ শুধু অভিনয় থেকে আসেনি। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে পরিচালিত রেড চিলিজ এন্টারটেইনমেন্ট চলচ্চিত্র প্রযোজনা ও ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি নাইট রাইডার্স স্পোর্টসের মাধ্যমে ক্রীড়া ব্যবসাতেও তার বড় উপস্থিতি রয়েছে। এর অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। হুরুনের হিসাবকে সরাসরি নগদ সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, বিনিয়োগ, সম্পত্তি ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য ধরে এই হিসাব করা হয়। চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি ধরা হয়েছিল। ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যার আনুমানিক সম্পদ ৪ হাজার কোটি রুপি। তৃতীয় সালমান খান ৩ হাজার কোটি এবং চতুর্থ হৃতিক রোশন ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদের মালিক। গত বছর হৃতিকের সম্পদ ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি। গত বছরের তালিকায় শাহরুখের পরেই থাকা জুহি চাওলা ও তার পরিবারের ৭ হাজার ৭৯০ কোটি রুপি সম্পদ থাকলেও ২০২৬ সালের অভিনেতাদের তালিকায় তার নাম নেই। একইভাবে গত বছর ১ হাজার ৮৮০ কোটি রুপি সম্পদ নিয়ে থাকা করণ জোহরও এবার তালিকায় নেই। এদিকে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান। এতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি ও জ্যাকি শ্রফ। সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।