জানা নিউজ

রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধের মাঝে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে রোববার (১২ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত, মোট ৩২ ঘণ্টা সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও সেনাদের সম্ভাব্য উসকানির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। ফলে শান্তির বার্তার পাশাপাশি সতর্কতার সুরও স্পষ্ট এই ঘোষণায়। মস্কো কিয়েভকে একই পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছে। যদিও ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণ সম্মতি দেয়নি, তবে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যদি বাস্তবে যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে ইউক্রেনও সমানভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তবে অতীত অভিজ্ঞতা নিয়ে রয়েছে সংশয়। এর আগে ঘোষিত একাধিক সাময়িক যুদ্ধবিরতি টেকেনি, বরং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে। প্রায় ৮০০ মাইল দীর্ঘ ফ্রন্টলাইনে চলমান এই যুদ্ধে পরিস্থিতি এখনো অত্যন্ত অস্থির।

বিশ্লেষকদের মতে, মানবিক দিক থেকে এই বিরতি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে বাস্তবতা বলছে—এই যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।