রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।পুলিশ জানায়, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ছিলেন।একই ঘটনায় শনিবার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বছর বয়সী সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।ডিসি মোহাম্মদ রাকিব খাঁন বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।