জানা নিউজ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: সিসিটিভি বিশ্লেষণে গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের একটি বাসা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।গ্রেপ্তাররা হলেন, মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।ডিবির দাবি, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন। তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়।

এর ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।পরে রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে লালবাগের জেন সাহা রোডের ২৫৮ নম্বর ১০ তলা ভবনের নিচতলার পার্কিংয়ের মাঝের একটি পিলারের সঙ্গে রাখা ইটের সুরকির বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিবি জানায়, রায়হানকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে ডিসি মোল্লা মো. শাহীন বলেন, রায়হান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিল সে। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে বলে দাবি করেন তিনি।

গ্রেপ্তারদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই তারা এসব কর্মকাণ্ড করছে। এর পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। গত দুই-তিন দিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। এরই অংশ হিসেবে যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি বলেন, কেন তারা এসব করেছে এবং এর পেছনে আরও কারা জড়িত, তা জানতে গ্রেপ্তারদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে রায়হানের যোগাযোগ রয়েছে কি না জানতে চাইলে ডিসি বলেন, তাদের মোবাইলে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব বিষয় বিশ্লেষণ করা হচ্ছে। রিমান্ডে নেওয়ার পর বিস্তারিত জানা যাবে।

গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।