ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ইসলাম ধর্মের অনুসারী হয়েও দুর্গোৎসবে ঢাকের তালে কোমর দুলিয়ে এবং ঢাক বাজিয়ে নতুন করে সমালোচনায় পড়েছেন তিনি। অভিনেত্রীর পূজার আনন্দ উপভোগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। গেল শনিবার ষষ্ঠীর দিন স্বামী অভিনেতা যশকে সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন মন্দির ঘুরেছেন নুসরাত।এক মন্দিরে তারকা জুটিকে ঢাক বাজাতে দেখা যায়, আবার অন্য এক মণ্ডপে নুসরাত মেতে ওঠেন ঢাকের তালে নাচে। পূজা উপভোগের ছবি ও ভিডিও শেয়ার করতেই কটাক্ষের শিকার হন অভিনেত্রী।মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘নুসরাত না মুসলিম? তাহলে এইসব করে ও, যাক ভালো, অনেক উন্নতি হয়েছে।’ অন্য একজন লেখেন, ‘ইহকালে সুখ নিতে গিয়ে পরকালের সুখ হারাবে, তখন বুঝবে ইসলাম জিনিসটা কী। এদিকে অভিনেত্রীকে নুসরাত নামটা পরিবর্তনের পরামর্শ দিয়েছেন একজন নেটিজেন। আরও একজন লেখেন, ‘মুসলিম জাতির কলঙ্ক।’ এর আগেও একবার দশমীতে সিঁথিতে সিঁদুর পরে ট্রোলের মুখে পড়েছেন নুসরাত। কিন্তু সমালচনাকে পাত্তা দেননি এই নায়িকা। বছর দুয়েক আগে পূজাকে কেন্দ্র করে কটাক্ষের বিষয়ে গণমাধ্যমে তিনি বলেছিলেন, ‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। এক শ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।’