জানা নিউজ

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১০ হাজার কর্মী

প্রতারক ও অসাধু সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে সমঝোতার মাধ্যমে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মীকে প্রায় বিনামূল্যে (বিনা খরচে) পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন ও বিগত সরকারের সময় গুম-খুনের শিকার পরিবারের ১ হাজার সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাতের নির্মম সংস্কৃতি প্রবল আকার ধারণ করেছিল বিগত স্বৈরাচারের আমলে। সে সময় তৈরি হওয়া সিন্ডিকেটের কারণেই অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা ধীরগতি করে দিয়েছিল।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া সরকারের সঙ্গে সফল আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই ১০ হাজার কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।

এছাড়া অন্যান্য কয়েকটি দেশেও বাংলাদেশি ড্রাইভারসহ নতুন কর্মী পাঠানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে।একইসঙ্গে অসাধু সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি।