জানা নিউজ

মামুনুর রশীদের অবস্থা সংকটাপন্ন

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হলো মামুনুর রশীদকে
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার মাঝরাতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যরা জানতে পারেন, তার অবস্থা সংকটাপন্ন। এরপর পারিবারিকভাবে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মামুনুর রশীদকে এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।