অন্যের ব্যক্তিগত কথা, দুর্বলতা কিংবা দোষত্রুটি জেনে ফেললে তা মানুষের কাছে প্রকাশ না করা ইসলামে সুন্দর আখলাকের অংশ। কারণ একটি সমাজ কেবল আইন ও শৃঙ্খলার ওপর টিকে থাকে না; পারস্পরিক বিশ্বাস, আমানতদারি ও মানুষের সম্মান রক্ষার ওপরও তার ভিত্তি গড়ে ওঠে। এ কারণেই আল্লাহর রাসুল (সা.) অন্যের দোষ গোপন রাখতে উৎসাহ দিয়েছেন এবং অযথা তা প্রকাশ করতে নিষেধ করেছেন। তবে সব দোষ গোপন রাখা সঠিক নয়; বরং কোন ক্ষেত্রে গোপন রাখা উচিত, সেটিও ইসলাম স্পষ্ট করেছে। যেসব দোষ ইসলাম গোপন রাখতে নির্দেশ দিয়েছে তা হলো-
ব্যক্তিগত ভুল ও গোপন দোষের ক্ষেত্রে
কোনো মুসলমানের ব্যক্তিগত জীবনে কোনো ভুল বা দোষ চোখে পড়লে তা মানুষের কাছে প্রচার না করে গোপন রাখা ইসলামের নির্দেশ। কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে। একজনের ভুলকে সমাজের আলোচনার বিষয় বানিয়ে দিলে তার সংশোধনের সুযোগ কমে যায়, বরং লজ্জা, অপমান ও সামাজিক দূরত্ব তৈরি হয়। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ ঢেকে রাখবেন।’ (মুসনাদে আহমদ: ১৬৯৫৯)
তাই কারও ব্যক্তিগত দুর্বলতা জেনে তা প্রকাশ করা নয়; বরং সম্ভব হলে নির্জনে তাকে বোঝানো এবং সংশোধনের সুযোগ দেওয়া উচিত।
কারও তওবার পর অতীতের দোষের ক্ষেত্রে
মানুষ ভুল করতে পারে, গোনাহে জড়িয়ে পড়তে পারে। তবে কেউ যদি নিজের ভুল উপলব্ধি করে আন্তরিকভাবে তওবা করে, তার অতীতের গোনাহের কথা বলে তাকে অপমান করা বা মানুষের কাছে তা প্রকাশ করা উচিত নয়। ইসলামে তওবার মাধ্যমে গোনাহ থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, ‘গোনাহ থেকে তওবাকারী ব্যক্তি সেই ব্যক্তির মতো, যার কোনো গোনাহই নেই।’ (সুনানে ইবনে মাজাহ : ৪২৫০)
তাই এমন লোকের গোনাহ নিয়ে কথা বলা তাকে সংশোধনের পথে বাধা দেওয়ার নামান্তর। আল্লাহর রাসুল (সা.) এমন কাজ না করার ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিন বলেন, ‘যে ব্যক্তি তার ভাইকে কোনো পাপের কারণে খোঁটা দেয়, সে নিজে সেই পাপে লিপ্ত হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না।’ (জামে তিরমিজি : ২৫০৫)
তাই কেউ তওবা করে ফিরে এলে তার অতীতকে অপমানের উপকরণ বানানো নয়; বরং তার বর্তমান সংশোধনকে গুরুত্ব দেওয়া উচিত। মানুষের দোষ গোপন রাখার ক্ষেত্রে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
ভালো মানুষের হঠাৎ কোনো ভুলের ক্ষেত্রে
মানুষের স্বভাবগত দুর্বলতা রয়েছে। কোনো ব্যক্তি সাধারণভাবে সৎ হলেও কখনও অসাবধানতাবশত ভুল করে ফেলতে পারে। এমন ভুলের কারণে তার সামগ্রিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা কিংবা মানুষের কাছে তাকে হেয় করা উচিত নয়। বরং ভুলটি গোপন রেখে তাকে সংশোধনের সুযোগ দেওয়া। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা ভালো ও সম্মানিত লোকদের ভুল-ত্রুটি ক্ষমা করে দাও; তবে সেসব অপরাধ ব্যতীত, যার জন্য শরয়ি হদ প্রযোজ্য হয়।’ (মুসনাদে আহমাদ: ২৫৫১৩)
তাই কেউ কোনো ভালো মানুষ বড় ধরনের ভুল করে ফেললেও, সেটা যদি শাস্তিযোগ্য অপরাধ না হয়, তবে গোপন রাখা উচিত।
ইসলাম মানুষের দোষ গোপন রাখতে বলেছে মানুষের ভুলকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়; বরং তাকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। ব্যক্তিগত ভুল, অতীতের ভুল, হঠাৎ ঘটে যাওয়া ভুল এসব ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা ইমানি চরিত্রের অংশ। তবে কোনো দোষ যদি অন্যের জীবন, সম্পদ, নিরাপত্তা বা সমাজের বড় ধরনের ক্ষতির কারণ হয়, তখন বিষয়টি প্রকাশ করা কর্তব্য দাঁড়ায়।