রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি ও কার্যক্রম শুরু করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাবের পানি খাওয়ার পর ডাবের খোসা যেখানে-সেখানে ফেলে রাখা উচিত নয়। কারণ, সেখানে পানি জমে মশার প্রজনন হতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কাজ চলছে। কোথাও কোনো ভুল বা ঘাটতি থাকলে তা জানালে সংশোধনের জন্য সরকার প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে কাকরাইলের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় কয়েকজনের মৃত্যুর অভিযোগ এবং এ ঘটনায় তদন্তের পরও ব্যবস্থা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করতে কিছুটা সময় প্রয়োজন।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, প্রতিটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারও অবহেলা বা ভুল প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।